স্পর্শ ছাড়া কার্ড লেনদেনে যুক্ত হয়েছে ডেবিট ও প্রিপেইড কার্ড। এতদিন শুধু ক্রেডিট কার্ড ব্যবহার করে স্পর্শ ছাড়া লেনদেন করা যেত। গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।
মেশিনে কার্ড প্রবেশ না করে একটি নির্দিষ্ট দূরত্বে ধরলেই লেনদেন সম্পন্ন হওয়ার এ প্রযুক্তি নেওয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি হিসেবে পরিচিত। ২০১৮ সালে দেশে প্রথম এ সেবা চালু হয়। তবে এ সেবা শুধু ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যেত। এখন ডেবিট ও প্রিপেইড কার্ডেও সর্বোচ্চ তিন হাজার টাকা লেনদেন করা যাবে এ ধরনের প্রযুক্তিতে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এনএফসি প্রযুক্তিতে কার্ডের লেনদেন সহজ ও গতিশীল হওয়ায় ক্রেডিট কার্ডের মাধ্যমে এ ধরনের কন্ট্রাকলেস পেমেন্টের ব্যবহার জনপ্রিয় হয়েছে। গ্রাহকের চাহিদা বিবেচনায় ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট ও প্রিপেইড কার্ডের লেনদেনেও এনএফসি প্রযুক্তির ব্যবহার প্রচলন করলে ইলেকট্রনিক লেনদেন বৃদ্ধি পাবে।
ইএমভিসিও কমপ্লায়েন্ট ডেবিট ও প্রিপেইড কার্ডে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে লেনদেন করা যাবে। এ প্রযুক্তিতে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা তিন হাজার টাকা। এ সেবার পিন ব্যবহার করতে হবে না। শুধু এসএমএসের মাধ্যমে এ ধরনের প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে গ্রাহককে জানাতে হবে।