১২১ জনের মধ্যে ৮৭ করোনা রোগী ঢাকার

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ১২১ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই ৯৮ জন শনাক্ত হয়েছে, যা মোট রোগীর ৮১ শতাংশ। ৯৮ জনের মধ্যে ৮৭ জন ঢাকা মহানগরে, যা মোট রোগীর ৭২ শতাংশ। আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৯৮ জন এবং রংপুর বিভাগে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। অন্যান্য বিভাগে বাকি ২৩ রোগী শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনায় নতুন রোগীর সংখ্যা ওঠানামা করছে। ১৪ দিনে মোট মারা গেছেন ২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২১ জন এবং এদিনে কেউ মারা যায়নি। এর আগের দিন সোমবার রোগী শনাক্ত হয়েছিল ১১৬ জন এবং কারও মৃত্যু হয়নি। এর আগের দিন রবিবার রোগী শনাক্ত হয়েছিল ৮২ জন এবং সেদিন ৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে মোট রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৭ জনের।

এমনকি গত ১৪ দিন ধরে মৃত্যুর সংখ্যা ৫-এর ঘর অতিক্রম করেনি। এই ১৪ দিনের মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এর মধ্যে মৃত্যুশূন্য ছিল ৫ দিন। দুদিন একজন করে, দুদিন তিনজন করে এবং এক দিন সবচেয়ে বেশি পাঁচজন মারা গেছেন। এর আগে গত বছরের ৮ ডিসেম্বরের পর গত ১৫ মার্চ এক দিনে কারও মৃত্যু হয়নি। এরপর থেকে টানা দুদিন কারও মৃত্যু হয়নি। পরে ১৮ মার্চ দুজন, ২০ মার্চ ৩ জনের মৃত্যুর হয়। টানা গত দুদিন (২১-২২ মার্চ) আবারও মৃত্যু হয়নি।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯৭৪টি, পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯৪৯টি। এতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। আর এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।