ইউক্রেনে রুশ বিশেষ অভিযান শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো বন্দিবিনিময় শুরু করেছে মস্কো ও কিয়েভ। প্রথম দফায় রাশিয়ার ৯ সেনাসদস্যকে মুক্তি দিয়েছে ইউক্রেন। এ কথা জানিয়েছেন রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভা। ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়রকে ধরে নিয়ে যাওয়ার পর সম্প্রতি তাকে ছেড়ে দিয়েছে রুশ বাহিনী। এক সাক্ষাৎকারে রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভা বলেছেন, রুশ বাহিনীর হাতে বন্দি মেলিতপোলের মেয়রের বিনিময়ে রাশিয়ার ৯ সেনাকে মুক্তি দেওয়ার কথা নিশ্চিত করছেন তিনি।
তাটিয়ানা মোশকালকোভা আরও বলেন, ‘প্রথমবারের মতো (ইউক্রেনের সঙ্গে) বন্দিবিনিময় হয়েছে। আমাদের ৯ সেনাকে দেশে ফিরিয়ে এনেছি আমরা।’ ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়কে উদ্ধৃত করে মেলিতপোলের মেয়র ইভান ফেদরোভের সঙ্গে ৯ রুশ সেনার মুক্তির কথা এর আগেই জানায় গণমাধ্যমগুলো। তবে কতজন সেনা উভয়ের কাছে বন্দি অবস্থায় রয়েছে, এমন কোনো পরিসংখ্যান এখনো প্রকাশ করেনি কিয়েভ ও মস্কো।
এদিকে যুদ্ধ শুরুর পর পাল্টা প্রতিরোধে রাশিয়ার ১৫ হাজারের বেশি সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রাশিয়ার সৈন্যদের হত্যার এই দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত সৈন্যদের প্রাণহানি ছাড়াও রুশ সামরিক বাহিনীর ৫০৯টি ট্যাংক, ১ হাজার ৫৫৬টি সাঁজোয়া যুদ্ধ যান ও ২৫২টি কামান ব্যবস্থাপনাও ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। তবে ২ মার্চ একবার পরিসংখ্যান প্রকাশ করে রাশিয়া বলেছে, ইউক্রেনে সামরিক অভিযানে যাওয়া রুশ সামরিক বাহিনীর ৪৯৮ সদস্য নিহত হয়েছে। যদিও সম্প্রতি ইউক্রেন সংঘাতে রাশিয়ার প্রায় ৭ হাজার সৈন্য নিহত হয়েছে বলে ধারণা করেছে যুক্তরাষ্ট্র।