কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোয়ালিয়া-কালাইয়া সড়কে পায়রা নদীর ওপর সেতু নির্মাণে বাংলাদেশ-কোরিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে কোরিয়ান সামহোয়ান করপোরেশন এবং বাংলাদেশের মীর আখতার জয়েন্ট ভেঞ্চারের মধ্যে এ চুক্তি সই হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪২ কোটি টাকা। আর ২০২৫ সালের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পটুয়াখালীর চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ^াস পায়রা নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠির মাধ্যমে আবেদন করে এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সেতু মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা, বাঙালির আস্থার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুটির আবেদনে সাড়া দেওয়া বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।