টেস্টে ৭ হাজার রানের মাইলফলকে পা রাখলেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার আজহার আলী। লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে এই কীর্তি গড়েন তিনি।
এই মাইলফলকে পা রাখতে আজহারের লেগেছে ১৭৩ ইনিংস। পঞ্চম পাকিস্তানি হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লেখালেন ৩৭ বছর বয়সী ব্যাটার। ২০১০ সালে টেস্টে অভিষেক হয় তার। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ১২ বছর পর সেই অজিদের বিপক্ষে ৭ হাজার রানের মাইলফলকে পা রাখলেন আজহার। এই নতুন উচ্চতায় ওঠার পথে ১৯ সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি করেছেন তিনি। চলমান লাহোর টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রান করেন আজহার।
পাকিস্তানিদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান ইউনিস খানের। দেশটির একমাত্র ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মালিক সাবেক এই ব্যাটার। ১১৮ ম্যাচে ৩৪ সেঞ্চুরি ও ৩৩ ফিফটিতে ৫২.০৫ গড়ে ১০০৯৯ রান করেছেন তিনি।
এর পরের স্থানে আছেন জাভেদ মিয়াঁদাদ। ১২৪ টেস্টে ২৩ সেঞ্চুরি ও ৪৩ ফিফটিতে ৫২.৫৭ গড়ে ৮৮৩২ রান করেছেন তিনি। তৃতীয় স্থানে থাকা ইনজামাম-উল-হক ১১৯ টেস্টে ২৫ সেঞ্চুরি ও ৪৬ ফিফটিতে ৫০.১৬ গড়ে করেছেন ৮৮২৯ রান। ৯০ টেস্টে ২৪ সেঞ্চুরি ও ৩৩ ফিফটিতে ৫২.২৯ গড়ে ৭৫৩০ রান নিয়ে পাঁচে আছেন মোহাম্মদ ইউসুফ।