বিশাল অঙ্কের টাকার অফার ফিরিয়ে দিয়েছিলেন বিপাশা হায়াত

নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াতের জন্মদিন আজ বুধবার। বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে নানা রকম পোস্ট লিখেছেন। জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব শামীম শাহেদ বিপাশাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট লিখেছেন। যেখানে বিপাশার একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করেন তিনি। শামীম শাহেদের পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

শামীম শাহেদ লিখেছেন, “বিশাল অঙ্কের টাকার অফার নিয়ে বিপাশা হায়াতের সামনে হাজির হলেন এক বিজ্ঞাপন নির্মাতা। ‘আপা আমাদের ক্লায়েন্টের খুব ইচ্ছা আপনাকে দিয়ে বিজ্ঞাপনটি করানো।আপনি যদি রাজি হতেন তাহলে আমরা খুবই খুশি হতাম’। নির্মাতা পক্ষ নিশ্চিত ছিলেন বিশাল অঙ্কের এই অফার পেয়ে যেকোনো তারকাই একবাক্যে রাজি হয়ে যাবেন। কিন্তু ঘটল উল্টোটা। সবাইকে অবাক করে দিয়ে বিপাশা হায়াত বললেন, ‘আপনাদের প্রোডাক্ট-এর রেপুটেশন তো ভালো না। আমি যদি আপনাদের পণ্যের বিজ্ঞাপন করি তাহলে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। তাদের ক্ষতি হতে পারে। আমি এটা করব না’।

‘টাকার অঙ্ক যদি দ্বিগুণ করে দিই তাহলেও করবেন না?’

‘না, দশগুণ করে দিলেও করব না’-বিপাশা হায়াতের স্পষ্ট উত্তর। আরেকটু ভেঙে বললেন তিনি ‘দেখুন, দেশের মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। টাকার বিনিময়ে আমি এমন কিছু করতে পারি না যাতে অন্য কারও ক্ষতি হয়।’

কটাক্ষ করে নির্মাতাপক্ষ বললেন, ‘কি যে বলেন আপা, এই সময়ে এসে কেউ এতকিছু ভাবে নাকি?’

বিপাশা হায়াত কোনো উত্তর দিলেন না। শুধু ছোট করে বললেন, ‘সেটাই!’

হতাশ হয়ে ফিরে গেলেন নির্মাতাপক্ষ। আমি তখন প্রথম আলোতে কাজ করি। খবর এসে পৌঁছাল আমাদের কানে। আমি অবাক হয়ে লক্ষ করলাম, এমন মানুষের সংখ্যা আমাদের আশেপাশে নেহায়েত কম না। অনেক পরিচিত মুখের অসচেতন পদক্ষেপের কারণে যখন অনেক মানুষের ক্ষতি হতে দেখি তখন এই মানুষগুলোর কথাই বারবার মনে আসে।

আজকের এই দিনে বিপাশা হায়াতকে উপলক্ষ করে স্রোতের বিপরীতে চলা সবার প্রতি রইল অসীম শ্রদ্ধা।

শুভ জন্মদিন বিপাশা হায়াত। আমাদের বড় আপা।