তালেবানরা আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর মেয়েদের সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক চাপের মুখে চলতি মাসের শুরুর দিকে মেয়েদের জন্য স্কুল খুলে দেওয়ার ঘোষণা দেয় তালেবানের শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু গতকাল বুধবার স্কুল খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ফের তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফপি।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এএফপি জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ফের বন্ধ ঘোষণা করায় কট্টরপন্থি এই গোষ্ঠীর নীতি পরিবর্তনের বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বুধবার স্কুলে আসার পর মেয়ে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে বলার খবরের বিষয়টি নিশ্চিত করে তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামানগনি এএফপিকে বলেছেন ‘হ্যাঁ, এটি সত্য।’ এএফপি বলছে, তাদের (এএফপি) একটি টিম বুধবার রাজধানী কাবুলের জারঘোনা হাই স্কুলে শিক্ষার্থীদের ছবি তুলছিল। এ সময় এক শিক্ষক সেখানে প্রবেশ করেন এবং সবাইকে বাড়ি ফিরে যেতে নির্দেশ দেন।
গত বছরের আগস্টে তালেবান গোষ্ঠী ক্ষমতা দখলের পর বুধবারই প্রথমবারের মতো ক্লাসে ফিরে আসা শিক্ষার্থীরা নির্দেশনা পেয়ে অশ্রুসিক্তভাবে তাদের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। ২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। অবশ্য সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এর জেরে বিশ্বের অধিকাংশ দেশ ও এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাও আফগানিস্তানে মানবিক সহায়তাসহ অর্থ সাহায্য পাঠানো বন্ধ করে দেয়।