বিয়ে করলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। স্থানীয় সময় গতকাল বুধবার দুপর ১টায় যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বাগদত্তা এবং আইনজীবী স্টেলা মরিসের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্প্ন্ন হয়। গত বছরের নভেম্বরের শুরুতে বন্দি অ্যাসাঞ্জকে কারাগারে বিয়ে করার অনুমতি দেয় কারা কর্র্তৃপক্ষ। ১৪ মার্চ তাদের বিয়ের দিনক্ষণ জানানো হয়।
যুক্তরাজ্যের বিবাহ আইন ১৯৮৩-এর আওতায় কারাগারে বিয়ের অনুমতি পান অ্যাসাঞ্জ। বিয়ের অনুষ্ঠানে ৪ জন অতিথি, ২ জন সাক্ষী ও পাহারা দেওয়ার জন্য ২ জন নিরাপত্তা কর্মীকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়। তবে বিয়ের খরচ পুরোটাই বহন করতে হয়েছে এই দম্পতিকে।
উইকিলিকসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা এবং আফগানিস্তান ও ইরাক যুদ্ধের অসংখ্য গোপন দলিল ফাঁস করে সাড়া ফেলে দেন অ্যাসাঞ্জ। পেশায় প্রকাশক, সম্পাদক ও মানবাধিকার কর্মী অ্যাসাঞ্জ পরে হয়ে ওঠেন স্বাধীন মতপ্রকাশের প্রতিকৃতিও। তবে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করে সেই সব ঘটনায়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের বেলমার্শ কারাগারে যখন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তখন তার মুক্তির দাবিতে বাইরে জড়ো হন তার শত শত সমর্থক। তার আগে দুপুরে কনের পোশাকে দুই ছেলেকে নিয়ে কারাফটকে হাজির হন স্টেলা। তাদের সঙ্গে ছিলেন স্টেলার মা ও অ্যাসাঞ্জের বাবা। গত তিন বছর ধরে অ্যাসাঞ্জকে এই উচ্চ-নিরাপত্তার কারাগারে আটক রাখা হয়েছে।
প্রখ্যাত পাংক ও নিউওয়েভ ফ্যাশন ডিজাইনার ডেম ভিভিয়েন ওয়েস্টউড স্টেলার বিয়ের পোশাকের নকশা তৈরি করেছেন। একই সঙ্গে তিনি অ্যাসাঞ্জের জন্য স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাক ‘কিল্ট’ তৈরি করেছেন। উল্লেখ্য, অ্যাসাঞ্জের পূর্বপুরুষরা স্কটিশ বংশোদ্ভূত।
বিয়ের আগে জুলিয়ান অ্যাসাঞ্জের বাগদত্তা এবং আইনজীবী স্টেলা মরিস উচ্ছ্বাস প্রকাশ করে জানান, তিনি খুবই আনন্দিত যে বিধিনিষেধ থাকা সত্ত্বেও তিনি অ্যাসাঞ্জকে বিয়ে করতে পারছেন। স্টেলা বলেন, ‘জুলিয়ান (অ্যাসাঞ্জ) বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ অনেক মাস আগে অনুরোধ জানানোর পর অবশেষে এর বাস্তবায়ন হয়েছে।’
কারাগারের এক মুখপাত্র জানান, ‘কারাগারের ভেতরে অনুষ্ঠিত সব বিয়েতে কারাগার সেবা নীতিমালার অন্তর্ভুক্ত নিয়ম মানতে হয়েছে।’
কারাগার কর্র্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিয়ের ছবি তোলার সেবা কারাগারে নিয়োজিত কর্মীরা প্রদান করেন। তারা ‘কয়েদিদের ছবি তোলার জন্য নির্ধারিত জাতীয় নীতিমালা’ মেনেই ছবি তোলেন।