হাইকোর্টে ভরসাপুত্রের মৃত্যুদন্ড বহাল

শিল্পপতি ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য করিম উদ্দীন ভরসার এক ছেলেকে হত্যার অভিযোগে আরেক ছেলে কবিরুল ইসলাম ভরসাকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদন্ড উচ্চ আদালতে বহাল রয়েছে। আসামির ডেথ রেফারেন্সের (মৃত্যুদন্ড অনুমোদন) ওপর শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আসামি কবিরুল উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর দেশ রূপান্তরকে বলেন, ‘ডেথ রেফারেন্স অনুমোদন দিয়েছে হাইকোর্ট। এখন আসামিকে আপিল বিভাগে আপিল করতে হলে আত্মসমর্পণ করতে হবে।’ 

মামলার নথি অনুযায়ী, ২০০৯ সালের ২৭ এপ্রিল রাজধানীর বিজয়নগরের একটি অফিসে ছোট ভাই খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে গুলি করে হত্যা করেন বড় ভাই কবিরুল। হত্যাকা-ের ঘটনায় পল্টন থানায় মামলা হয়। পরে রাজধানীর উত্তরখানের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে পুলিশ কবিরুলকে গ্রেপ্তার করে। ভাই হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। ২০১৬ সালের ১১ এপ্রিল ঢাকার একটি আদালত কবিরুলকে মৃত্যুদন্ড দেয়। পরে  মৃত্যুদন্ড অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। পলাতক থাকায় দ-প্রাপ্ত আসামি আপিলের সুযোগ পাননি।