যৌন হয়রানি

অধস্তন আদালতে কমিটি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ দিতে সারা দেশের অধস্তন আদালতগুলোতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, মুখ্য বিচার বিভাগীয় হাকিম ও মুখ্য মহানগর হাকিমদের কমিটি গঠন করে এ বিষয়ে সুপ্রিম কোর্টে প্রতিবেদন দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি বিচারপতি কৃষ্ণা দেবনাথের উপস্থিতিতে কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সব অধস্তন আদালতকে হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে শুধুমাত্র নিজ নিজ প্রতিষ্ঠানে কমিটি করতে হবে।

প্রসঙ্গত, যৌন হয়রানি বন্ধ ও প্রতিকার নিয়ে ২০০৮ সালের ৭ আগস্ট  বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষে করা একটি রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৪ মে যৌন নিপীড়নের সংজ্ঞাসহ যৌন হয়রানি রোধে সুনির্দিষ্ট দিকনির্দেশনাসহ রায় দেয় হাইকোর্ট। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানির অভিযোগ গ্রহণ, তদন্ত ও অনুসন্ধান সাপেক্ষে ঘটনার প্রতিকার ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে একজন নারীর নেতৃত্বে পাঁচ সদস্যের অভিযোগ কেন্দ্র গঠন করতে বলা হয় ওই রায়ে। এতে আরও বলা হয়, যতদিন পর্যন্ত জাতীয় সংসদে যৌন হয়রানি রোধ ও তা প্রতিকারের জন্য কোনো আইন প্রণয়ন করা না হয় ততদিন পর্যন্ত সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টের দেওয়া এ নির্দেশনা বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।