চাকা ফেটে উল্টে গেল ট্রাক, মহাসড়কে ছড়িয়ে পড়ল সয়াবিন তেল

টাঙ্গাইলে চলন্ত অবস্থায় চাকা ফেটে মহাসড়কে উল্টে গেল সয়াবিন তেলবাহী ট্রাক। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা সয়াবিন তেল মহাসড়কে পড়ে যান চলাচল বিঘ্নিত হয়।

ট্রাকচালক আতোয়ার বলেন, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১ টন সয়াবিন তেল ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে সরিয়ে নেয়া হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে অংশে তেল ছড়িয়ে পড়েছে সেটা বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ ছাড়া মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব পরিবহনকে বিকল্প সড়ক সার্ভিস লেন দিয়ে পাস করা হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কের কোনো যানজটের সৃষ্টি হয়নি।