অবশেষে ‘মাদক সাম্রাজ্যের রাজকুমারী’ ফারজু গ্রেপ্তার

প্রথম ও দ্বিতীয় স্বামীকে হেরোইন ও মাদকসহ গ্রেপ্তারের পর একই পরিণতি বরণ করতে হয়েছে ‘মাদক সাম্রাজ্যের রাজকুমারী’ ফারজানা আক্তার ফারজুকে (২৮)। বুধবার রাতে ১১২ পিস ইয়াবাসহ তাকে শহরের লক্ষ্মীপুর লাশকাটা ঘর বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি।

পুলিশ জানায়, গ্রেপ্তার ফারজু ফরিদপুরের তালিকাভুক্ত মাদক সম্রাজ্ঞী শাহেদার (৪৮) মেয়ে। তার প্রথম স্বামী পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ভাগনে জুয়েলকে শুক্রবার ৩০ গ্রাম হেরোইন গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জুয়েল তার প্রথম স্বামী। ফারজুর দ্বিতীয় স্বামী মইনুর রহমান মইনকে তার আগের দিন পাঁচ শ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর আগে ফারজুর মা মাদক সম্রাজ্ঞী শাহেদাকে গ্রেপ্তার করা হয়। মায়ের কারণে ফারজুকে ‘মাদক সাম্রাজ্যের রাজকুমারী’ বলা হয়ে থাকে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের ওসি (ডিবি) রাকিবুল ইসলাম  জানান, এ ব্যাপারে এসআই মো. সোহেল রানা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেন।

এ ছাড়া পৃথক অভিযানে মধুখালী থানা পুলিশ জয়দেব কুমার রায় (৬০) ও রাম প্রসাদ বিশ্বাস (২৮) নামে দু’জনকে গাঁজা গাছসহ গ্রেপ্তার করেছে।