উজবেকিস্তানের জ্বালানিমন্ত্রীর উপদেষ্টা জোমায়েভ জাসুর ঘুদাইকুলোভিচ বলেছেন, পেট্রোকেমিক্যাল এবং হাইড্রোকার্বন নিয়ে উজবেকিস্তানের কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ৭০০ মিটার গভীর কূপ খননের অভিজ্ঞতাও রয়েছে। বিশ্বব্যাপী ৭৫টি নিজস্ব রিগ কাজ করছে, বাংলাদেশেও একটি রয়েছে। বাংলাদেশে গ্যাস ফিল্ডের উন্নয়নসহ গ্যাস পাইপলাইন নির্মাণেও কাজ করার আগ্রহ দেখান উপদেষ্টা।
গতকাল জ¦ালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে উজবেকিস্তানের জ্বালানিমন্ত্রীর উপদেষ্টা জোমায়েভ জাসুর ঘুদাইকুলোভিচের নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আনুভূমিক খননে উজবেকিস্তানের অভিজ্ঞতা বাপেক্স ও পেট্রোবাংলা কাজে লাগাতে পারে। উজবেকিস্তান প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে জ্বালানি খাতকে সহযোগিতা করতে পারে।
এ সময় উজবেকিস্তান নবায়নযোগ্য জ্বালানি এবং বাপেক্সের সঙ্গে যৌথভাবে কাজ করতেও আগ্রহ প্রকাশ করে।
উল্লেখ্য, উজবেকিস্তানের জ্বালানিমন্ত্রী এ. সুলতানভ জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে একটি চিঠি দেন এবং উজবেকিস্তান ভ্রমণের আমন্ত্রণ জানান।