ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষক আটক

জামালপুরের ইসলামপুরে ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে সামছুল হক সাজু নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে গোয়ালেরচর ইউনিয়নের দারুত তাহফিজ এনামুল খান হিফজুল কোরআন মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান জানান, গত বুধবার রাতে ওই মাদ্রাসার নুরানি শাখার ১০ বছর বয়সী এক ছাত্রকে ডেকে নিয়ে শরীর মাসাজ করার কথা বলে মাদ্রাসার সহকারী শিক্ষক সামছুল হক সাজু। শরীর মাসাজের একপর্যায়ে ওই শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করেন তিনি। গতকাল সকালে শিশুর বড়ভাই মাদ্রাসায় খাবার দিতে গেলে ওই শিশু বিষয়টি তাকে জানায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে মাদ্রাসাশিক্ষককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। পরে শিশুর বাবা বাদী হয়ে শিক্ষক সাজুর বিরুদ্ধে বলাৎকারচেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।