স্কুলে যাওয়ার পথে শিশুকে সরকারি গাড়ির চাপা

অন্যান্য দিনের মতোই গতকাল বৃহস্পতিবারও পায়ে-চালিত ভ্যানগাড়িতে চড়ে বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল আয়শা আক্তার (৯)। এদিন সঙ্গে ছিল ছোট ভাই রাফসানও। কিন্তু বাড়ির অদূরেই একটি মাক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে মাদারীপুর সদর উপজেলার জাগরণী ফাউন্ডেশনের একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়শার। গতকাল দুপুর ১২টার দিকে মাদারীপুর শহরের শেখ হাসিনা মহাসড়কের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও ছোট ভাইও। 

এদিকে ঘটনার পরপরই একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে ফেইসবুকে। তাতে দেখা গেছে গাড়িটি সরকারি। মাদারীপুরের ডিসিপুলে ব্যবহৃত হয় সেটি। ঘটনার সময় তাতে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন। 

স্থানীয়রা জানান, উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার বাসিন্দা আয়শা। গতকাল তার বাবা জাহাঙ্গীর মাতুব্বর ও ছোট ভাইয়ের সঙ্গে ভ্যানে করে যাচ্ছিল স্কুলে। বাবা চালাচ্ছিলেন ভ্যান। আর দুই ভাইবোন বসা ছিল পেছনে। ভ্যানটি চৌরাস্তার মোড় ঘুরতে গেলে হঠাৎ একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। মুহূর্তেই ভ্যানটি মহাসড়কে উল্টে যায়। এ সময় জাহাঙ্গীর মাতুব্বর ও তার দুই সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুপুর ২টার দিকে নিহত আয়শার ছোট ভাই রাফসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাবা জাহাঙ্গীর শঙ্কামুক্ত।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আহত আয়শাকে হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের তার মৃত্যু হয়।

মাইক্রোবাসে থাকা মাদারীপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা বলেন, আমি ওই গাড়িতে ছিলাম। কিন্তু আমাদের গাড়িতে ধাক্কা লাগেনি। ভ্যানটি সাইট দিতে গিয়ে উল্টে যায়। আমরা অবশ্য পরে নেমে কাছে গিয়েছিলাম।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চাইলাউ মারমা বলেন, সাদা একটি মাইক্রোবাসের ধাক্কায় আয়েশা নামে এক শিশু মারা যাওয়ার কথা শুনেছি। তবে মাইক্রোবাসটিকে এখনো শনাক্ত করতে পারিনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও সহকারী নিহত হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক শাহাদত হোসেন (৪৫) ও তার সহকারী ফারুক হোসেন (৪২) । তারা পাবনা জেলার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের বাসিন্দা।

মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ট্রাক কেটে চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।