রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট ব্যবসায়িক সুযোগের সুবিধা নেওয়ার বিষয়ে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন। তারা চীনকে নিষেধাজ্ঞা জর্জরিত রাশিয়া থেকে দূরে রাখতে চায় বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মস্কোকে রপ্তানি বিধিনিষেধ এড়ানো ও আর্থিক লেনদেনে দেওয়া নিষেধাজ্ঞা এড়াতে সাহায্যের ক্ষেত্রে চীনকে তারা সাবধানও করেছে।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়া যেন চীন বা অন্য কোনো দেশের সাহায্য নিয়ে এড়াতে না পারে, তা নিশ্চিতে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ শিগগির ঐক্যবদ্ধ পদক্ষেপ ঘোষণা করবে। তিনি বলেন, ‘এটি শুধু সুনির্দিষ্টভাবে চীনের ক্ষেত্রেই নয়, গুরুত্বপূর্ণ সব অর্থনীতির দেশের ক্ষেত্রেই প্রয়োগ হবে। কোনো দেশ যদি উদ্দেশ্যপ্রণোদিত বা অন্য কোনো উপায়ে নিষেধাজ্ঞাকে খাটো বা দুর্বল করার চেষ্টা করে, তাহলেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে।’
এরই মধ্যে চীনকে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের দেশগুলো পৃথকভাবে একই কথা বলবে বলে আমাদের আশা।’
সম্প্রতি বাইডেনের সঙ্গে ভিডিওকলে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের কথা হওয়ার পর পেইচিং রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানায়। তারা বলেছিল, ‘নির্বিচারে নিষেধাজ্ঞা কেবল জনগণের ভোগান্তিই বাড়াবে।’