ভিডিও কলে কথা বলতে গিয়ে খুন সমাজসেবা অফিসের কর্মচারী

বাগেরহাটের মোল্লাহাটে নাঈম খান (২৮) নামে সমাজসেবা অফিসের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার গাংনী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নাঈমের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি।

নিহত নাঈম খান দক্ষিণপাড়ার আবুল খানের ছেলে। তিনি মোল্লাহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের চতুর্থ শ্রেণির (পিয়ন) কর্মচারী ছিলেন।

স্থানীয়দের বরাতে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে বাড়ির কাছে এক দোকানে বসে নাঈম ও তার কয়েকজন বন্ধু মিলে মোবাইল ফোনে লুডু খেলছিলেন। খেলার মাঝে ভিডিও কল আসলে তিনি খেলা বন্ধ রেখে কথা বলতে দোকানের পেছনে হিরণ মাস্টারের পরিত্যক্ত ঘরে চলে যান।

অনেক সময় পার হলেও নাঈম ফিরে না আসায় তার বন্ধুরা তাকে খুঁজতে দোকানের পেছনে যায়। সেখানে গিয়ে তারা নাঈমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নির্জনে কথা বলতে আসার সুযোগে আগেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা নাঈমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তার গলা, হাতসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা কেন, কী কারণে নাঈমকে হত্যা করেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।