টাঙ্গাইলের ভূঞাপুরে একটি অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক জাহিদুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজিচালিত ওই অটোরিকশায় থাকা দুই যাত্রী।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার অলোয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের আমুলা গ্রামের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনায় আহত দুই যাত্রী হলেন উপজেলার অলোয়া ইউনিয়নের কাগমারী গ্রামের বাদশা মিয়া (৪৫) ও ফলদা ইউনিয়নের ধবুলিয়া গ্রামের রবিউল আলম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি আমুলা রেলক্রসিং পার হতে গেলে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশাচালকের মৃত্যু হয়।
ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আল মামুন জানান, ট্রেনের ধাক্কায় আহত দুই ব্যক্তিকে স্থানীয়রা গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেন দুর্ঘটনার খবর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।