ঢাবি শিক্ষার্থীর মাথা ফাটালেন ছাত্রলীগকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে আখলাকুজ্জামান অনিক নামে এক শিক্ষার্থীর কক্ষে ঢুকে হামলা করে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে।

গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। অনিক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ছাত্র।পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

অনিকের অভিযোগ, সকালে তিনি ঘুমিয়ে ছিলেন। নক করার পর দরজা খুলে দিলে ১০/১২ জন তার ওপর হামলা চালায়। এ সময় তারা ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকের সহায়তায় হাসপাতালে ভর্তি হন। এ বিষয়ে হল প্রশাসনকে লিখিত দিয়েছেন অনিক। তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে আমি হামলাকারীদের মধ্যে চারজনকে চিনতে পেরেছি। তারা হলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মাসফিউর রহমান, অপরাধবিজ্ঞান বিভাগের সফিউল্লাহ সুমন (পিটার), ব্যবস্থাপনা বিভাগের সাব্বির আল হাসান ও সাংবাদিকতা বিভাগের নাইমুর রশিদ নাঈম। তারা হল ছাত্রলীগ সভাপতি সজিবুর রহমান সজীবের অনুসারী। ’

অভিযোগ আসা কয়েকজনের মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি। তবে হল শাখা ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজীব বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে হল প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা তাদের সব ধরনের সহায়তা দেব।’

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, ‘স্মৃতিসৌধে থাকাকালীন বিষয়টি জানতে পেরে একজন হাউজ টিউটরকে সেখানে পাঠাই। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জেনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্তের জন্য লিখিত অভিযোগ বাধ্যতামূলক নয়। তবে শিক্ষার্থীরা নিজেরাই অনেক সময় মীমাংসা করে নেন। এজন্য লিখিত অভিযোগ ছাড়া তদন্ত সম্ভব নয়।’