কাতারে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গত শনিবার আনুমানিক রাত ৯টায় দেশটির আল সামাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাতারের বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, নিহতরা হলেন কাতার প্রবাসী সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)। তারা পরিবারের সঙ্গে কাতারে বাস করতেন।
সূত্র জানিয়েছে, গাড়ির চাকা নষ্ট হয়ে যাওয়ায় রাস্তায় রেখেই তারা ঠিক করছিলেন। সে সময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।
গুরুতর আহত ২ জনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিন শিক্ষার্থীর অকালমৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটি সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক জানানো হচ্ছে।