দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় গত শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শিক্ষক, সেনা সদস্য, পুলিশ সদস্য ও এক রোহিঙ্গা শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, টাঙ্গাইলে এক সেনা সদস্যসহ দুজন, বাগেরহাটের ফকিরহাটে এক পুলিশ সদস্য, কক্সবাজারের উখিয়ায় পিকআপ চাপায় এক রোহিঙ্গা শিশু এবং মাদারীপুরের শিবচরে এক নারী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিতÑ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গতকাল সকাল ৯টায় উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের শ্যামবাড়ি ভাংতি এলাকায় ট্রাকচাপায় মো. সালাহউদ্দিন (৪৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রামের আবুল খায়ের মুন্সীর ছেলে ও একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
কসবা থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, রবিবার মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন সালাহউদ্দিন। পথিমধ্যে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর কর্পোরালসহ ২ জন নিহত হয়েছেন। জেলার কালিহাতী ও সদর উপজেলায় শনিবার রাতে দুর্ঘটনাগুলো ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার পাছ বিক্রমহাটি এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেলকে দ্রুতগতির যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলী (৩৬) নিহত হন। তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার ধাপনপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে ও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় সেনাবাহিনীর কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে বগুড়ার শিবগঞ্জ থেকে শাহনেওয়াজ (২০) ও জুবায়ের হোসেন (২৮) একটি মোটরাসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। কালিহাতী উপজেলার সল্লা এলাকায় লোটন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুবায়ের হোসেন নিহত হয়। এ ঘটনায় আহত শাহনেওয়াজকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জুবায়ের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাবিবপুর গ্রামের আমজাদ আলীর ছেলে। আহত গাইবান্ধা জেলার সেকান্দর আলীর ছেলে। দুজনেই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধির পাঠানো তথ্য বলছে, সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৫০)। শনিবার রাত ২টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাজারে এ ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় মনোয়ারার স্বামী নিলু মাদবর (৬৫) গুরুতর আহত হয়েছেন।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করেন। তিনি জানান, নিলু মাদবরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বাগেরহাটের ফকিরহাটে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. ইলিয়াস হোসেন (৫৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য ইলিয়াস হোসেন ফকিরহাট থানায় কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামের প্রয়াত ইজ্জত আলীর ছেলে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিনিট্রাক গাড়ির ধাক্কায় ৬ বছরের এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মধুছড়া ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৩ সেভেন রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হাজেরা বিবি। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩ এর বাসিন্দা রহিম উল্লাহর মেয়ে।