আবৃত্তিশিল্পী হাসান আরিফের অবস্থা সংকটাপন্ন

দেশের বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসকরা তার বর্তমান অবস্থাকে ক্রিটিক্যাল কন্ডিশন বা সংকটাপন্ন বলেছেন। এমন অবস্থায় হাসান আরিফের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। গতকাল সোমবার গোলাম কুদ্দুছ দেশ রূপান্তরকে বলেন, ‘আগের চেয়ে (হাসান আরিফের) শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখন ক্রিটিক্যাল কন্ডিশন। সংকটাপন্ন অবস্থা। এখনো তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, সে যেন ফিরে আসে, সে দোয়া করার জন্য।’

তিনি আরও জানান, গত বছরের ৩ ডিসেম্বর থেকে হাসান আরিফকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গত দুদিনে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে যথাযথ সুরক্ষা মেনে কেউ চাইলে হাসান আরিফকে দেখে আসতে পারেন বলেও জানান এই জোট নেতা। তিনি বলেন, ‘আইসিইউতে আছেন। সেখানে এমনিতেই দেখা করার ব্যাপারে বেশ কড়াকড়ি। তারপরও কেউ যদি দেখতে চান, চিকিৎসকরা যদি অনুমতি দেন, তাহলে সুরক্ষা মেনে দেখা করতে পারেন।’

গত বছরের ২ ডিসেম্বর করোনা পজিটিভ হন হাসান আরিফ। পরদিন ৩ ডিসেম্বর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। গত চার মাস ধরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন তিনি। মধ্য আশির দশক থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে সামনে থেকে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন হাসান আরিফ। বেশকিছু আবৃত্তির অ্যালবামও বের হয়েছে।