খুলনার কয়রা উপজেলায় বাড়ি থেকে ডেকে এনে মারধরের ঘটনায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সচিব মো. ইকবাল হোসেন। ঘটনার এক সপ্তাহ পর গতকাল সোমবার সকালে কয়রা মামলাটি করেন ইকবাল। পরে বেলা সোয়া ৩টার দিকে বাড়িতে অভিযান চালিয়ে চেয়ারম্যান মাহমুদকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।
এর আগে কয়রা থানার ডিউটি অফিসার উপরিদর্শক (এসআই) মো. সোহাইল জানান, মামলায় চেয়ারম্যানসহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
গত ২১ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে এনে সচিব ইকবালকে পরিষদের একটি কক্ষে আটকে রেখে মারধর করেন চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ।
এ ঘটনায় চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার ৬৮টি ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কর্মবিরতি পালন করেন। জেলা প্রশাসকের কাছে তারা স্মারকলিপিও দিয়েছেন। তবে সংবাদ সম্মেলন করে আবদুল্লাহ আল মাহমুদ ঘটনাটিকে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করেছেন।