ডিইউজের নতুন সভাপতি সোহেল সম্পাদক আকতার

মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-২০২২ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যায়যায়দিনের বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার জিহাদুর রহমান জিহাদ। গতকাল মঙ্গলবার রাতে এ ফল ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও ডিইউজে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল ইসলাম বুলবুল।

অন্য বিজয়ীরা হলেনসিনিয়র সহ-সভাপতি পদে কার্টুনিস্ট এম এ কুদ্দুস, সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, নারীবিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু, কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক পদে সাকিলা পারভীন, দপ্তর সম্পাদক পদে আমান উল্লাহ আমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাজু হামিদ। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল খোকন, আসাদুর রহমান, সলিম উল্লাহ সেলিম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ ও রেহানা পারভীন। 

গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ২১টি পদের বিপরীতে লড়েছেন ৭১ প্রার্থী। এর মধ্যে তিনটি প্যানেলের দুটিতে ৪২ আর একটিতে ১৯ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের মোট ভোটার ২৯৬৮ জন।

ডিইউজে নির্বাচনে তিনটি প্যানেল হয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বর্তমান সভাপতি কুদ্দুস আফ্রাদ-বার্তা ২৪ডটকমের গাজী জহিরুল ইসলাম প্যানেল। বর্তমান সাধারণ সম্পাদক  সাজ্জাদ আলম খান তপু-আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন প্যানেল। এছাড়া যায়যায়দিনের বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী-গাজী টিভির মেহেদী হাসান প্যানেল। প্যানেলের বাহিরে রয়েছে ১০ জন প্রার্থী।