কর্মশালায় সিইসি

প্রভু নয়, জনগণের ভৃত্য হিসেবে কাজ করতে হবে

জাতীয় পরিচয়পত্র নিয়ে হয়রানি ও ভোগান্তির কথা স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘কতিপয় ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের সুনাম বিঘিœত হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। প্রভুর মতো আচরণ করলে হবে না। জনগণের ভৃত্য হিসেবে কাজ করতে হবে।’

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অণুবিভাগ আয়োজিত ‘জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা নিরসনের উপায় নির্ধারণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘সবদিক থেকে আমাদের নৈতিক অধঃপতন হয়েছে। আমাদের সব কাজে তদবির করতে হয়। আমরা কাজে যোগ দেই জনগণের ভৃত্য হিসেবে। যোগ দিয়ে আচরণ করি প্রভুর মতো। আমাদের এমন আচরণ করলে চলবে না।’

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের কর্মকর্তারা দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন না করলে বদনামের দায় পুরো কমিশনকেই নিতে হবে। সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘এনআইডিতে ভুল নানা কারণে হতে পারে। কিন্তু সংশোধনের ক্ষেত্রে চাওয়ামাত্র বাহককে দিতে বাধ্য থাকব তা সম্ভব নয়। কারণ আমাদের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। কিন্তু এ ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে মানুষ যেন হয়রানির শিকার না হয়।’

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পরিচয়পত্র অণুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।