রোহিঙ্গা ও স্থানীয়দের নতুন করে ১ হাজার ৩২২ কোটি টাকার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে নতুন সহায়তার এ ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।
রাষ্ট্রদূত হাস গত ২৭-২৯ মার্চ কক্সবাজার সফরকালে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের কর্মসূচিগুলো কীভাবে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, শিবিরগুলোতে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ, পরিবেশের সুরক্ষা, জলবায়ুর দুর্যোগ মোকাবিলায় অভিঘাত সহনশীলতা তৈরি এবং নিরাপদ খাদ্য বিতরণে অব্যাহতভাবে সহায়তা করছে তা সরেজমিনে দেখেন।
যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন গত ২১ মার্চ বার্মিজ সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে ঘোষণার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এটাই প্রথম কক্সবাজার সফর।
পিটার হাস বলেন, ‘নতুন এ ঘোষণার মধ্য দিয়ে ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত আমরা প্রায় ১৫ হাজার কোটি টাকা প্রদান করেছি। নতুন দেওয়া তহবিলের মধ্যে ১ হাজার ৮৭ কোটি টাকা বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা শরণার্থী ও ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য ব্যয় করা হবে।’
রাষ্ট্রদূত হাস কক্সবাজার সফরকালে শরণার্থীদের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন আরআরআরসি কমিশনার শাহ রেজওয়ান হায়াত এবং জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মো. মামুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়া রাষ্ট্রদূত হাস যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি কর্র্তৃক আগুন নিয়ন্ত্রণের নতুন উদ্ভাবিত ব্যাকপ্যাক ও পাম্পসমৃদ্ধ বহনযোগ্য মোবাইল অগ্নিনির্বাপণ ব্যবস্থা ব্যবহার করে স্বেচ্ছাসেবকদের আগুন নিয়ন্ত্রণের মহড়া দেখেন।