ইস্তাম্বুল-দুবাইয়ে সম্পদ কেনার হিড়িক রুশদের

আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে রুশ ধনকুবেররা তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের আবাসন খাতে ব্যাপক অর্থ ঢালছেন। ইউক্রেনে রুশ অভিযান আর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা এই চেষ্টা চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট আবাসন কোম্পানিগুলোর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

ইস্তাম্বুলের গোল্ডেন সাইন আবাসন কোম্পানির সহপ্রতিষ্ঠাতা গুল গুল বলেন, ‘আমরা প্রতিদিন সাত থেকে আটটি ইউনিট ধারাবাহিকভাবে রুশ নাগরিকদের কাছে বিক্রি করে যাচ্ছি। তারা নগদ অর্থে এসব কিনছেন, একই সঙ্গে তুরস্কে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন, কেউ কেউ স্বর্ণ নিয়ে আসছেন।’ অন্যদিকে এ বিষয়ে দুবাইয়ের মডার্ন লিভিং আবাসন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থিয়াগো কালডাস জানান, তার প্রতিষ্ঠান রুশদের সেবা দিতে তিনজন রুশভাষী প্রতিনিধি নিয়োগ দিয়েছে। পাশাপাশি আগের থেকে তাদের ব্যবসা ১০ গুণ বেড়েছে বলেও উল্লেখ করেন।

জানা যায়, ইউক্রেনে রুশ অভিযান শুরুর আগেই অনেক রুশ ধনকুবের তুরস্কে ৫০৯টি বাড়ি কেনেন। তুরস্কের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, গেল বছরের চেয়ে এ সংখ্যা দ্বিগুণের কাছাকাছি। এ পরিসংখ্যান পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের আগের। এ সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন আবাসন কোম্পানির কর্মকর্তারা।

এ বিষয়টি নিয়ে রয়টার্স এক ডজন আবাসন কোম্পানির সঙ্গে কথা বলেছে। একই সঙ্গে ইতিমধ্যেই বাড়ি কিনেছেন এমন কিছু রুশ নাগরিকের সঙ্গেও যোগাযোগ করেছে। তবে পরিস্থিতির স্পর্শকাতরতার কারণে তারা এ বিষয়ে কথা বলতে চায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৈশ্বিক ব্যাংক লেনদেনের সেবা সুইফট থেকেও দেশটিকে বাদ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।