স্কুলের পথে বাসের ধাক্কায় নিহত মা আহত দুই মেয়ে

রাজধানীর মিরপুর ভাসানটেক এলাকায় দুই মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন মা সাবিনা ইয়াসমিন (৩১)। এ সময় যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে রিকশা থেকে ছিটকে পড়ে মা ও দুই মেয়ে। এতে প্রাণ হারান মা, আহত হয় দুই মেয়ে হুমায়রা ও রাহি। গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর ১৪ নম্বরে নেভি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাবিনার ভাই মো. মামুন জানান, স্বামী রফিকুল ইসলাম ও দুই মেয়েকে (হুমায়রা ও রাহি) নিয়ে ভাসানটেক বিআরপি কলোনিতে থাকেন তার বোন। বড় মেয়ে হুমায়রা একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার পরীক্ষা থাকায় দুপুরে দুই মেয়েকে নিয়ে রিকশায় করে স্কুলে যাচ্ছিলেন তিনি। নেভি মার্কেটের সামনে এলে পেছন থেকে একটি বাস রিকশায় ধাক্কা মারে। এতে ছিটকে পড়ে আহত হন তারা। পরে পথচারীরা তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। তার দুই মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার এএসএম মাহতাব উদ্দিন জানান, বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিহত সাবিনার গ্রামের বাড়ি বগুড়ার ধুনটের পশ্চিম ভরনশাহি এলাকায়।

এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী, শিশুসহ আরও পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে গতকাল দুপুরে নোয়াখালীতে মিশুকের চাপায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পাথরবাহী ট্রাকচাপায় মুনিরা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়। টাঙ্গাইলে বালুবাহী ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ ভ্যান মসজিদে ঢুকে পড়ে আবদুল খালেক (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে গত সোমবার রাতে মাদারীপুরে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় এক ইউপি সচিব নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

নেত্রকোনায় বৃদ্ধ নিহত : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ ভ্যান মসজিদে ঢুকে পড়ে আবদুল খালেক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের ফেনারগাতি মোড়ে এ ঘটনা ঘটে। খালেক সান্দিকোনা ইউপির মোকন্দবাদ গ্রামের বাসিন্দা।

জানা যায়, কেন্দুয়া থেকে আঠারবাড়ীগামী মাছবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেনারগাতি মোড়ে হরিনগর বাইতুন আমান জামে মসজিদের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে করে মসজিদে থাকা আবদুল খালেক গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

মাদারীপুরে ইউপি সচিব নিহত : মাদারীপুরে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় এক ইউপি সচিব নিহত হয়েছেন। তার নাম আনিচুর রহমান সরদার (৫০)। তিনি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পানিছত্র এলাকায় সোমবার রাতে আনিচুর সরদার রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটোরিকশা (ইজিবাইক) তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। এরপর ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

মাদ্রাসা থেকে ফেরার পথে মিশুকচাপায় শিশু নিহত : নোয়াখালীতে মিশুকের চাপায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। তার নাম সামিউল ইসলাম নাদিম। গতকাল বেলা পৌনে ১২টার দিকে মাইজদী হাউজিং এস্টেটের সেন্ট্রাল সড়কের মাকরাজ মসজিদসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নাদিম চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে ও জেলা শহর মাইজদীর হাউজিং ইকরা মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিল।

মাদ্রাসার শিক্ষক মো. কামরুল হাসান বলেন, মাদ্রাসা ছুটির পর বড় ভাইয়ের সঙ্গে বাসায় যাচ্ছিল নাদিম। এ সময় দ্রুতবেগে আসা একটি মিশুক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত : চাঁপাইনবাবগঞ্জে পাথরবাহী ট্রাকচাপায় মুনিরা খাতুন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল সোনামসজিদ মহাসড়কের কানসাট পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মুনিরা কানসাট পুকুরিয়া গ্রামের মমিন আলীর মেয়ে ও পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, দুপুর দেড়টার দিকে স্কুল থেকে টিফিনের সময় মুনিরা বাড়ি ফিরছিল। মহাসড়ক পার হওয়ার সময় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবাহী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে। ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়।

টাঙ্গাইলে ট্রাকচাপায় যুবক নিহত : টাঙ্গাইলে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জুয়েল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের আশেকপুর এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল টাঙ্গাইল সদর উপজেলার যুগির বয়ড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল চালক জুয়েল আশেকপুর বাইপাস এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইল সদর মডেল থানার উপপরিদর্শক লুৎফর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাস্থলে নিহতের সুজুকি মোটরসাইকেলটি পাওয়া গেলেও ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।