সিদ্ধিরগঞ্জে স্ত্রীর গায়ে আগুন দিয়ে পালিয়ে যাওয়া স্বামী জহিরুলকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার সকালে জেলার আড়াইহাজার থানার গোপালদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন র্যাবের কোম্পানি কমান্ডার উপপরিচালক একে এম মুনিরুল আলম।
র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার লতিফ বাবুর্চির বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টসকর্মী রোজিনা আক্তারকে তার স্বামী গত ২৭ মার্চ দাহ্য পদার্থ দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় ভিকটিমের বাবা আব্দুস ছামাদ বাদী হয়ে ২৯ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব কর্মকর্তা একে এম মুনিরুল আলম জানান, জিজ্ঞাসাবাদে জহিরুল স্বীকার করেছেন ঘটনার দিন নেশা করার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করেন। স্ত্রী নেশার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার গায়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন।
তখন স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সুযোগে কৌশলে জহিরুল পালিয়ে যান।