ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবার মধ্যে আন্তঃলেনদেন চালুর প্রযুক্তি ‘ইন্টারঅপারেবল ডিজিটাল ট্র্যানজেকশন প্ল্যাটফর্ম’ দ্রুত চালু করা দরকার বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
গতকাল বুধবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান এ কথা বলেন।
‘ফাইন্যান্সিয়াল ইন্টারঅপারেবিলিটি ইন বাংলাদেশ : চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক কর্মশালাটি রাজধানীর পুরানা পল্টন ইআরএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ড. আতিউর রহমান বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও এজেন্ট ব্যাংকিংয়ের মতো সেবা চালুর ফলে আর্থিক অন্তর্ভুক্তি সহজ হয়েছে। এসবের ফলে দেশে নগদ টাকা ব্যবহারের পরিবর্তে ‘ইলেকট্রনিক মানি’ ব্যবহার বাড়ছে। তবে আর্থিক অন্তর্ভুক্তির সুফল আরও বাড়াতে হলে ‘ফাইন্যান্সিয়াল ইন্টার-অপারেবিলিটি’ বা আর্থিক আন্তঃক্রিয়াশীলতা দরকার। এতে অর্থনীতি গতিশীল হবে। প্রবৃদ্ধি জোরালো হবে।’