শেখ কামাল ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন রাষ্ট্রপতির

কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ সংলগ্ন মহিনন্দে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রপতি গাছের চারা রোপণ করেন।

প্রায় ৫ একর ভূমিতে ৯৫ কোটি টাকা ব্যয়ে ৭ তলা ভবনবিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি নির্মিত হচ্ছে। ২০২৩ সালের মধ্যে এ নির্মাণকাজ শেষ হবে।

নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন রাষ্ট্রপতির : কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি। গত মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি সেনানিবাস এলাকায় পৌঁছালে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী তাকে স্বাগত জানান। পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানানো হয়। রাষ্ট্রপতি স্পিডবোটে করে সন্ধ্যা পর্যন্ত সেনানিবাস এলাকা সম্পূর্ণ ঘুরে দেখেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঁচ দিনের সরকারি সফরে গত রবিবার কিশোরগঞ্জে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।