কালিহাতীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

এর মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে ও অটোচালক রমজান আলী (৫৫) এবং উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের রীনা (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পিকআপ হামিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিহাতী সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিকআপটি বিপরীত সাইটে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ও অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরচালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত এবং ৫ জন আহত হয়।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, পিকআপ চালক পলাতক রয়েছে। পিকআপ ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।