অনুষ্ঠানে মির্জা ফখরুল

বিএনপির ব্যাপারে জনগণকে বিভ্রান্ত করছেন কাদের

বিএনপির নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনগণকে বিভ্রান্ত করছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিপক্ষের উদ্দেশে তিনি বলেন, ‘এতদিনেও যদি জেনে না থাকেন যে, বিএনপির নেতা কে আর আন্দোলনের নেতা কে, তাহলে আপনাদের সরকারি দলে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না।’

গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির উদ্যোগে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

‘বিএনপি নানাভাবে বিভক্ত, বিএনপির আন্দোলনের নেতা কে, আমরা জানতে চাই’ ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা নতুন কোনো কথা নয়। বিএনপির নেতা দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার অসুস্থতার কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ করে ফখরুল আরও বলেন, ‘আপনি তো এই কথাগুলো বলেন শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই বিএনপি দ্বিধাবিভক্ত নয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে যে সমস্যাটি বড় হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস সে সম্পর্কে যারা জোর করে ক্ষমতায় বসে আছে তারা পুরোপুরিভাবে একটি ভ্রান্ত, ভুল ইতিহাস আমাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরছে।’

মির্জা ফখরুল বলেন, ‘একটি সময় আমরা অতিক্রম করছি যে সময়টি জাতির জন্য অত্যন্ত ভয়াবহ। আমাদের ভাষা আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন, মুক্তিযুদ্ধ এ সকল কিছুর যে অর্জন তা গণতন্ত্রের ব্যবস্থায় নিয়ে আসা। এ সকল কিছু তারা বুলিয়ে দিয়ে একটা এককভাবে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে। আমাদের যে সৃজনশীলতা তার সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে।’

কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।