হবিগঞ্জের নবীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে তিন ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত এক ছাত্রকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্য দুই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আহতরা হলেন- ওই কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান, তোফায়েল ও আলকাব হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র হাবিবুর রহমান ও তার তিন বন্ধু তোফায়েল, আলকাব ও এক ছাত্রী কলেজ ক্যাম্পাসে বসা ছিল। এ সময় সুহেল আহমেদ নামে এক যুবক ওই ছাত্রীকে ইভটিজিং করে।
এ সময় হাবিবুরসহ তার দুই বন্ধু এর প্রতিবাদ করে। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুহেলের পক্ষ নিয়ে মোস্তফাপুর গ্রামের সজীব, আদিল, সাহান, নিয়াজ ও জাহানসহ কয়েকজন হাবিবুর রহমানসহ ৩ জনের ওপর হামলা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওছার আলম।
কলেজের ভাইস-প্রিন্সিপাল নুরুল আমিন বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
রাত সাড়ে আটটায় যোগাযোগ করা হলে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এ সংক্রান্ত কেউ মামলা করতে আসেননি।