নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে যুবলীগের দুইপক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। এ সময় অন্তত ২৩টি বসতঘরে ভাঙচুর, লুটপাট ও ১৭টি ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় ঘটে এ ঘটনা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়Ñ গোলাকান্দাইল এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ করে যুবলীগের কর্মী নূরে আলম ও মাসুমের লোকজন। তারাই অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে। সম্প্রতি যুবলীগের আরেক কর্মী আনোয়ার হোসেন রানা অটোরিকশার নিয়ন্ত্রণ নিতে গেলে বিরোধ দেখা দেয়। এরই জেরে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোলাকান্দাইল নতুন বাজারে দোকানের ভাড়া নিয়ে রানার সঙ্গে নূরে আলম ও মাসুমের কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। একপর্যায়ে রানার নেতৃত্বে বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। পরে নূরে আলম ও মাসুমের নেতৃত্ব ৫০-৬০ জন অস্ত্রশস্ত্র নিয়ে এসে রানা ও তার ভাই আমজাত হোসেনের ২৩টি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ভাড়াটিয়া ইউনুছ, মারজান সরকার, বিপ্লব, ঝুমা রানী সরকার, জামেনা খাতুন, আশরাফ, তপন কুমার, রাজীব, মরিয়ম, আবুলসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার ঘণ্টাখানেক পর নূরে আলম ও মাসুমের লোকজন ১৭টি বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তে ঘরের বাসিন্দারা বের হতে পারলেও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কাঞ্চন ও ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত জামেনা খাতুনের অভিযোগ, আমরা বিভিন্ন কলকারখানার শ্রমিক। এখানে ভাড়া থাকি। পেট্রোল ঢালার সময় বারবার খাদ্যপণ্য ও মালপত্র নেওয়ার সুযোগ চাইলেও তারা দেয়নি। সব হারিয়ে এখন আমরা নিঃস্ব। হামলাকারীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
নূরে আলম বলেন, ‘পেট্রোল ঢেলে কারা আগুন দিয়েছে, তা আমার জানা নেই। তবে রানার লোকজন অটোরিকশা ভাঙচুর করে অন্যায় করেছে।’ তবে আনোয়ার হোসেন রানা বলেন, ‘অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে এখানে কোনো বিরোধ নেই। তবে নূরে আলম ও মাসুম আড়তে গিয়ে গণ্ডগোল করছিল। নিষেধ করলে উত্তেজনা দেখা দেয়। পরে তারা দলবল নিয়ে এসে আমাদের ভাড়াটিয়াদের মারধর, লুটপাট ও ঘরে আগুন দিয়েছে।’
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, উভয়পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।