ফিনটেক বাস্তবায়নে সঠিক পথে বাংলাদেশ : ড. সেলিম

টেকসই প্রবৃদ্ধির জন্য ফিন্যান্সিয়াল টেকনোলজি (ফিনটেক) অবলম্বনের ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন। গত শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমি (আইবিটিআরএ) আয়োজিত এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চিফ মডারেটর হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। গেস্ট পারটিসিপেন্ট ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। সভাপতিত্ব করেন আইবিটিআরএর প্রিন্সিপাল এস এম রবিউল হাসান।

প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশে টেকসই প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বিদ্যুতের অবকাঠামোগত প্রস্তুতি, মোবাইল নেটওয়ার্ক কভারেজ, ই-গভর্নেন্স ও ডিজিটাল পরিষেবাগুলোর সহজলভ্যতার ক্ষেত্রে ভালোভাবেই এগোচ্ছে। বাংলাদেশে ফিনটেক ইকোসিস্টেমের আকার বাড়ছে এবং আগামী বছরগুলোতেও তা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে আর্থিক কার্যক্রমে অটোমেশন ও ডিজিটালাইজ করার জন্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশকে অন্যান্য দেশের তুলনায় আরও বেশি গতিশীল হয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, জাতীয় ডাটাবেজ ব্যবহার করে বিশ্বের কোনো কোনো দেশে ১৫ সেকেন্ডের মধ্যে ঋণ বিতরণ করা হয়। এক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, বিশ্বে  সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি-(সিডিবিসি) দ্রুত বাড়ছে। ৮৭টি দেশ সরকারি ডিজিটাল মুদ্রা নিয়ে কাজ করছে এবং ৭টি দেশে এটা পূর্ণরূপে চালু হয়েছে। এই পরিবর্তনগুলো মোকাবিলা করার জন্য আমাদের কল সেন্টারের পরিবর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বট, এটিএম বুথের পরিবর্তে ক্যাশবিহীন লেনদেন এবং অডিট এড়াতে ব্লক-চেইনের ওপর ফোকাস করতে হবে।  বিজ্ঞপ্তি