ওমিক্রনের চেয়ে সংক্রামক ধরন শনাক্ত যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্তের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রূপ বদলে ফেলা ‘এক্সই’ নামের ধরনটি ভাইরাসের যেকোনো ধরনের তুলনায় বেশি সংক্রামক বলে জানিয়েছে সংস্থাটি।

ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণা নিবন্ধে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলেছেন, এক্সই ধরনটি করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিএ১ এবং বিএ. প্রজাতির সংমিশ্রণে তৈরি হয়েছে। ব্রিটেনে গত ১৯ জানুয়ারি প্রথমবারের মতো এক্সই ধরন শনাক্ত হয়। এখন পর্যন্ত এ ধরনে ৬৩৭ জন শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ওমিক্রনের উপধরন বিএ.২-এর চেয়ে নতুন রূপান্তরিত এক্সই ধরন ১০ শতাংশ বেশি কমিউনিটি ট্রান্সমিশন ঘটায়। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণা দরকার।

গবেষকরা বলছেন, মানুষের ফুসফুসে প্রবেশের পর প্রতিলিপি তৈরির সময় ভাইরাসের বংশগত উপাদানগুলোর মিশ্রণ ঘটে। আর এ মিশ্রণের মাধ্যমে নতুন ধরন তৈরি হয়েছে।

এদিকে ওমিক্রনের উপধরন বিএ২ বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। গত ২৬ মার্চ শেষ হওয়া সপ্তাহে যুক্তরাজ্যে প্রায় ৪৯ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হয়, যা তার আগের সপ্তাহের তুলনায় ৬ লাখ বেশি বলে জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়। যুক্তরাষ্ট্র এবং চীনেও সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।