বিদেশের মাটিতে স্পিনারদের বলে আউট হওয়া বড় ক্রাইম: মুমিনুল

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে চাপ নিতে পারেনি তারা। কিংসমিডে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ৫৩ রানের অলআউট হওয়ার লজ্জায় ডুবেছে টাইগাররা।

প্রোটিয়াদের দুই স্পিনার কেশব মহারাজ ও সাইমন হার্মার দুজনে সফরকারীদের দ্বিতীয় ইনিংসের ১০ উইকেট নেন। দ. আফ্রিকা ডারবান টেস্ট জিতে নেয় ২২০ রানে।

স্পিন খেলতে অভ্যস্ত হলেও মহারাজ-হার্মারের ঘূর্ণিতে কাবু হয়েছে টাইগার ব্যাটাররা। বিদেশের মাটিতে স্পিন খেলতে না পারাটা ‘ক্রাইম’ হিসেবে দেখছেন মুমিনুল।

ম্যাচ শেষে বাংলাদেশর অধিনায়ক সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, গতকাল তিন উইকেট হারানোর পর চাপ সামলাতে ব্যর্থ হয়েছি আমরা। আমি অন্য কোনো কারণ দেখি না। চার দিন ধরে আমরা ভালো ক্রিকেট খেলেছি এবং কেবল গতকালের শেষ সেশন ও আজ খারাপ খেলেছি।’

মুমিনুল বলেন, ‘এই নয় যে, পাঁচ দিনই আমরা খারাপ খেলেছি এখানে অনেক ইতিবাচক বিষয় আছে যেটা আমরা নিতে পারি। আমরা যদি আমাদের মানসিকতাকে শক্ত করতে পারি, তবে নিশ্চিতভাবে কামব্যাক করতে পারব।’

স্পিনারদের সামনে দলের ব্যাটারদের ব্যর্থতায় হতাশ মুমিনুল। তিনি জানান, বিদেশে স্পিনারদের উইকেট দেওয়া এক প্রকার ‘ক্রাইম’।

টাইগার অধিনায়ক বলেন, ‘বিদেশের মাটিতে স্পিনারদের বলে আউট হওয়া বড় ক্রাইম। আমি মনে করি, আমাদের উইকেট দেওয়া উচিত হয়নি। দোষটা আমার নিজের কাঁধেও নেওয়া প্রয়োজন। স্পিনারদের বিপক্ষে সব সময় রান করার সুযোগ থাকে এবং এটি সম্পূর্ণ ব্যাটিং ব্যর্থতা ছিল।’