রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ নগরীকে যানজটমুক্ত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সেই লক্ষ্যে শহরের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হবে।
গতকাল সোমবার দুপুরে নগরীর জিয়া হলের সামনে ৫০ জন ট্রাফিক কমিউনিটি পুলিশিং সদস্যের মাঝে জ্যাকেট বিতরণকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, যানজট নিরসন এককভাবে পুলিশের কাজ না। তারপরেও আপনাদের সবার দাবির পরিপ্রেক্ষিতে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে আমরা একটি যানজটমুক্ত নগর উপহার দেব। তবে এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এসময় আরও জানানো হয়, যানজট নিরসনের পাশাপাশি নগরীর ৯টি স্থানে পুলিশ অবস্থান নিয়ে অবৈধ যানবাহন শহরে প্রবেশ প্রতিরোধ করবে। শহরের যানজট নিরসনে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হবে।