দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন জবির ১১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেনÑ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইব্রাহিম আলী, ইতিহাস বিভাগের ইসরাফিল হোসেন, সংগীত বিভাগের আল-মামুন রিপন, লোকপ্রশাসন বিভাগের মো. মেহেদী হাসান (মাহদী), হিসাববিজ্ঞান বিভাগের মো. রওসন উল ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান, বাংলা বিভাগের শ্রাবণ ইসলাম রাহাত, ব্যবস্থাপনা বিভাগের মো. ফাহাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. ওবায়দুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের মো. শাহিন ইসলাম ও মনোবিজ্ঞান বিভাগের আব্দুর রহমান অলি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অফিস আদেশ অনুযায়ী শিক্ষার্থীগণ দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ দেশের ভাবমূর্তি ক্ষুণœ করা, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ও বিভিন্ন স্থানে সরকারবিরোধী স্লোগান দিয়ে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

গত ২৪ মার্চ মধ্যরাতে রাজধানীর গেন্ডারিয়া থানার ধূপখোলা এলাকার একটি মেস থেকে অভিযান চালিয়ে শিবির সন্দেহে সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। রিমান্ড শেষে তারা কারাগারে আটক রয়েছে।