আইন আদালতকে হাতিয়ার বানিয়েছে সরকার : ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার আইন-আদালতকে হাতিয়ার বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশের আইন, আদালত সবকিছুই এখন বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নির্দেশ মোতাবেক চলছে।’ গতকাল সোমবার বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানার মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি কর্মী নবী, স্বাধীন, মুকতার, ওয়াসীম, কামাল, রুবেল ও খায়রুল প্রত্যেককে আদালত কর্তৃক দুই বছর দুই মাস করে সাজা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। 

দলের কর্মীদের সাজা দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘দেশ এখন চলছে সম্পূর্ণরূপে ফ্যাসিবাদী কায়দায়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতেই প্রথমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও গায়েবি মামলা করা হচ্ছে। এরপর আদালত কর্তৃক কারাদন্ডাদেশ প্রদানের মাধ্যমে দেশে জুলুমের শাসন চালাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।’

অপকর্ম করে সরকার পার পাবে না আবদুস সালাম : পৃথক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম কর্মীদের আদালত কর্তৃক দুই বছর দুই মাস করে সাজা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আওয়ামী সরকারের পায়ের নিচের মাটি সম্পূর্ণরূপে সরে গেছে। এ জন্য এখন তারা বেসামাল হয়ে পড়েছে। দেশকে বিরোধী দলশূন্য করতেই বর্তমান কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পাইকারি হারে মিথ্যা মামলা দায়ের ও আদালতকে দিয়ে সাজা প্রদান করছে। তবে এসব অপকর্ম করে পার পাবে না সরকার।’