চট্টগ্রামের বন্দর এলাকায় তেলের ট্যাংকার থেকে বোটে ওঠার সময় সাগরে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার ৫ দিন পর সীতাকুন্ডের সাগর উপকূল থেকে উদ্ধার করা হয়েছে এমরান হোসেন (২৭) নামের এক ব্যক্তির লাশ।
তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কৈতরা গ্রামের আব্দুল হকের ছেলে। মঙ্গলবার দুপুরে উদ্ধারের পর নিহতের স্ত্রী লাশটি তার স্বামীর বলে শনাক্ত করেন।
কুমিরা নৌ-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকার সাগর উপকূলে আজ সকালে জোয়ারের পানিতে ভেসে আসা একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পরে ধারণা করে গত ১ এপ্রিল চট্টগ্রাম বন্দর এলাকা থেকে সাগরে নিখোঁজ হওয়া এক ব্যক্তির পরিবারে খবর দেয় পুলিশ। খবর পেয়ে নিখোঁজের স্ত্রী ও ভাই এসে লাশটি শনাক্ত করেন।
নৌ-পুলিশের সহকারী পরিদর্শক চান মিয়া বলেন, গত ১ এপ্রিল তেলের ট্যাংকার থেকে বোটে উঠার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন এমরান হোসেন নামের এক ব্যক্তি। উদ্ধার হওয়া লাশটি তার বলে স্ত্রী ও ভাই শনাক্ত করেন। একটি তেলের ট্যাংকারে শ্রমিকের কাজ করতেন এমরান হোসেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।