বাসা ভাড়া না দিলেও যাওয়া যাবে আদালতে

সমান অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য নিরোধে নতুন একটি আইন করার প্রস্তাব সংসদে উঠেছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বৈষম্য নিরোধে একটি মনিটরিং কমিটি থাকবে, যার সভাপতি হবেন আইনমন্ত্রী। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বা তার মনোনীত অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারা এর সদস্য হবেন। প্রস্তাবিত আইনে বাসা ভাড়া না দিলেও যাওয়া যাবে আদালতে।

গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক ‘বৈষম্যবিরোধী বিল-২০২২’ সংসদে উত্থাপন করেন। পরে সেটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সংবিধানের ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদ অনুযায়ী সব ধরনের বৈষম্য নিরোধে এ আইনের খসড়া তৈরি করা হয়েছে।

আইনমন্ত্রী বিলটি উত্থাপনের অনুমতি চাইলে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ আপত্তি করেন। তবে তার আপত্তি সংসদে নাকচ হয়ে যায়।

বিলে বলা হয়েছে, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি, মানবাধিকার ও সমাজসেবায় জড়িত এমন সংগঠনের তিনজন, দুজন শ্রমিক প্রতিনিধি যার মধ্যে একজন চা শ্রমিক হবেন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের চারজন প্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন প্রতিনিধি, দলিত সম্প্রদায়ের একজন প্রতিনিধি মনিটরিং কমিটির সদস্য হবেন। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের একজন যুগ্ম সচিব এর সদস্য সচিব হবেন। প্রতি তিন মাসে এ কমিটিকে কমপক্ষে একটি বৈঠক করতে হবে।

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের অধীনে একটি বৈষম্যবিরোধী সেল তৈরির বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। এছাড়া বৈষম্যবিরোধী জাতীয় ও স্থানীয় কমিটি গঠনেরও সুযোগ রয়েছে।

বৈষম্যমূলক কাজ : বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি ধর্ম, বর্ণ, গোত্র জাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ভাষা, বয়স, লিঙ্গ, শারীরিক, মানসিক বা তৃতীয় লিঙ্গ, জন্মস্থান, জন্ম, পেশা এবং অস্পৃশ্যতার অজুহাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিচের কাজগুলো করলে তা বৈষম্যমূলক কাজ বলে গণ্য হবে।

বিলে দেওয়া বৈষম্যমূলক কাজ : সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি অফিসের সেবা থেকে বঞ্চিত করা;

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সর্বসাধারণের স্থলে প্রবেশ বা উপস্থিতিতে বাধা প্রদান, নিয়ন্ত্রণ অথবা সীমাবদ্ধতা আরোপ করা; কোনো পণ্য বা সেবা আইনানুগভাবে উৎপাদন, বিক্রি অথবা বিপণন করতে বাধা দেওয়া বা আইনে নির্ধারিত কোনো সুবিধা বা পণ্য বা সেবা গ্রহণে নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতা আরোপ করা; প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের হওয়ার কারণে কোনো শিশুকে পরিবারে প্রতিপালন না করে বিশেষ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা বা প্রতিবন্ধিতার অজুহাতে পরিবারে বসবাসে প্রতিবন্ধকতা সৃষ্টি করা; উপযুক্ত কারণ ছাড়া বাবা-মায়ের পরিচয় দিতে অসমর্থতার কারণে কোনো শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করতে অস্বীকৃতি বা অমত বা প্রতিবন্ধকতা সৃষ্টি বা বাধা দেওয়া বা সমান সুযোগ-সুবিধা বা অবস্থানের ক্ষেত্রে পার্থক্য, বঞ্চনা, বিধি-নিষেধ আরোপ, সীমাবদ্ধকরণ, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার বা অন্য যেকোনো ধরনের বৈমষ্য করা; সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি চাকরিতে নিয়োগ, ছুটি, পদোন্নতি, বদলি, বেতন-ভাতা-মজুরি বা সুযোগ-সুবিধাদি প্রাপ্তিতে পার্থক্য, বঞ্চনা, বিধি-নিষেধ আরোপ, সীমাবদ্ধকরণ বা পদত্যাগ করতে বাধ্য করা বা চাকরিচ্যুত করা; কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কোনো উৎসব বা অনুষ্ঠানের আয়োজন, তাতে প্রবেশ ও অংশ নেওয়ার বা নিজস্ব ধর্মীয় উপাসনালয়ে প্রবেশ ও অংশগ্রহণ বা নিজ ধর্ম অনুযায়ী দাফন বা শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়া বা সৎকার সম্পাদন ও যোগদানে বাধা প্রদান; কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কোনো বৈধ পেশা বা চাকরি গ্রহণ বা বৈধ ব্যবসা পরিচালনা থেকে নিষিদ্ধ করা; কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বাড়ি ভাড়া না দেওয়া বা বসবাসের স্থান দিতে অস্বীকৃতি জানানো বা অমত করা বা আবেদন অনুমোদন না করা বা কঠিন শর্ত আরোপ করা; কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তার বা তাদের বাসস্থানের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া, বাসস্থান বা এলাকা থেকে উচ্ছেদ বা এলাকা বা বাসস্থান ত্যাগে বাধ্য করা; গ্রাম্য সালিশ বা সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে একঘরে করা, সামাজিকভাবে বয়কট করা বা হয়রানি করা; তালাকপ্রাপ্ত, বিধবা বা স্বামী পরিত্যক্তা অথবা বৈবাহিক সম্পর্কের কারণে বৈষম্যমূলক আচরণ করা; কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠান বা রীতিনীতি পালন করা থেকে বিরত রাখা বা তাদের অন্য কোনো ধর্ম গ্রহণ ও পালন বা ত্যাগ করতে বাধ্য করা; স্থানীয় ও জাতীয় পর্যায়ে সামাজিক, রাজনৈতিক, ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা; কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আইনানুগভাবে সম্পত্তি অর্জনে ও হস্তান্তরে বাধা প্রদান করা এবং সম্পত্তিতে অধিকার বা উত্তরাধিকার লাভে বঞ্চিত করা।

আইনে যা আছে : প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কোনো বৈষম্যমূলক কাজ ঘটলে সংশ্লিষ্ট ভুক্তভোগী বা ঘটনা সম্পর্কে সম্যক জ্ঞাত কোনো ব্যক্তি বা সংস্থা সংশ্লিষ্ট জেলা কমিটিতে লিখিত অভিযোগ দায়ের করতে পারবে। জেলা কমিটি ৩০ দিনের মধ্যে ঘটনার তদন্ত করবে। ঘটনা প্রমাণ হলে অভিযুক্তের সঙ্গে আলোচনা করে প্রতিকারের ব্যবস্থা করবে। জেলা কমিটি প্রতিকার করতে না পারলে বিভাগীয় কমিটির কাছে অভিযোগ জানানো যাবে। এ কমিটি ৩০ দিনের মধ্যে তদন্ত ও প্রতিকারের ব্যবস্থা করবে। না করলে অভিযোগকারী জাতীয় কমিটির কাছে অভিযোগ দায়ের করতে পারবে। এ কমিটি ৪৫ দিনের মধ্যে প্রতিকারের ব্যবস্থা করবে। জাতীয় কমিটি যদি প্রতিকার করতে না পারে তবে আদালতে মামলা দায়ের করা যাবে।

বিলে বলা হয়েছে, দেওয়ানি কার্যবিধিতে যাই থাকুক না কেন, মামলা দায়েরের পর ৯০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। প্রয়োজনে আরও ১৫ দিন সময় পাবে আদালত। আদালত যথাযথ প্রতিকারের আদেশ এবং প্রয়োজনে আর্থিক জরিমানা আরোপ করতে পারবে।

হারুনের আপত্তি : বিলটি সংসদে তোলার আপত্তি জানিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ জানান, এই বৈষম্যবিরোধী বিলের কী প্রয়োজন পড়েছে তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, ‘পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও বিএনপি করে দেখে চাকরি হচ্ছে না। এখানে রাষ্ট্র বৈষম্য করছে। রাষ্ট্র বৈষম্য করলে কী হবে সেটি বিলে বলা নেই।’

হারুন ‘পাবলিক প্লেসের’ সংজ্ঞায় ধর্মীয় উপাসনালয় রাখার বিরোধিতা করে বলেন, ‘ধর্মীয় উপাসনালয় পাবলিক প্লেস নয়। মসজিদে ভিন্ন ধর্মের কারও প্রবেশের অনুমতি নেই। বিলে বলা হয়েছে, ধর্মীয় স্থানে প্রবেশ করতে না দিলে বৈষম্য হবে এর ব্যাখ্যা চাই।’

প্রস্তাবিত আইনের ৩(ঘ) ধারার বিষয়ে তিনি বলেন, ‘শিশুর পরিচয় থাকতে হবে। পিতৃপরিচয়ে সমস্যা থাকলে মাতৃপরিচয় থাকতে হবে। নানি-নানা তো থাকবে। এই বিধান থাকলে ব্যভিচারকে প্রশ্রয় দেওয়া হবে। বিষয়টি পরিষ্কার করতে হবে।’

বিলের ওই ধারায় বলা হয়েছে, উপযুক্ত কারণ ব্যতীত পিতা-মাতার পরিচয় প্রদানে অসমর্থতার কারণে কোনো শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করতে অস্বীকৃতি বা অমত বা প্রতিবন্ধকতা সৃষ্টি বা বাধা দেওয়া বা সমান সুযোগ-সুবিধা প্রদান বা অবস্থানের ক্ষেত্রে পার্থক্য, বঞ্চনা, বিধিনিষেধ আরোপ, সীমাবদ্ধকরণ, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার বা অন্য যেকোনো ধরনের বৈমষ্য করা যাবে না।

বাড়ি ভাড়াসংক্রান্ত বিধানেও আপত্তি করেন হারুন। তিনি বলেন, ‘একটি অ্যাপার্টমেন্টে অনেক মানুষ থাকে। তারা যদি কারও বিষয়ে আপত্তি দেন, তারা যদি মনে করেন কোনো ব্যক্তি থাকলে তাদের সমস্যা হবে। সে ক্ষেত্রে কী হবে?’

হারুন এ সময় অভিযোগ করেন, দেশে আইনের শাসন নেই। গুম, খুনের কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, ‘বিলে বলা হয়েছে, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে প্রতিবন্ধকতা করা যাবে না। এসব অনুষ্ঠানের নামে যদি বেলেল্লাপনা হয় তবে কী হবে? কিছুদিন আগে দেখলাম তাপস নামে একজনের সন্তানের বিয়েতে পর্নো তারকা আসল। অনুষ্ঠান করে চলে গেল। তথ্যমন্ত্রী বললেন, তার আসার অনুমতি নেই। কিন্তু পর্নো তারকা এসে অনুষ্ঠান করে চলে গেল।’

আইনমন্ত্রীর বক্তব্য : সাংসদদের আলোচনা ও প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিলটি কমিটিতে গেলে সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে। তারপর আবার সংসদে আসবে। আবার আলোচনা হবে। তারপরও জবাব দিচ্ছি।’ তিনি বলেন, ‘মানবাধিকার নিয়ে তিনি (হারুন) যে উদ্বিগ্ন তা বোঝানোর চেষ্টা করেছেন। এমন একটি দলের সদস্য যে দলটি, ২১ আগস্ট ২০০৪ সালে অন্য দলের সব নেতানেত্রী এবং জাতির পিতার কন্যাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। প্রায় সফল হয়ে গিয়েছিল। আল্লাহ মালিক। উনি বেঁচে গেছেন। সেই দলের একজন সংসদ সদস্য আমাকে মানবাধিকার শেখাচ্ছেন।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘উনার কাছ থেকে আমার মানবাধিকারের শিক্ষা নিতে হবে না। আমার মানবাধিকার সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। উনি যে প্রশ্নগুলো করেছেন সময় হলে অবশ্যই জবাব দেব। এখানে বক্তৃতা দিয়ে তারপর একটা সংকট সৃষ্টি করার যে হুমকি দিলেন উনি, আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ আর বোকা নেই। উনাদের এসব কথা আর কায় হবে না। উনার প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দেব। সময় হলে দেব।’