ক্যাম্প থেকে পালানোর সময় ১২৮ রোহিঙ্গা নাগরিক আটক

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ১২৮ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ক্যাম্প থেকে যে ভাবে রোহিঙ্গারা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে ভবিষ্যতে এমন কোনো জেলা বা উপজেলা থাকবে না যেখানে রোহিঙ্গা পাওয়া যাবে না। তাই রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে সহজে বের হতে না পারে সে ব্যাপারে ক্যাম্প প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় উখিয়া স্টেশনের আশপাশে অভিযান চালিয়ে ১২৮ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে এসব রোহিঙ্গাদের কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

এদিকে গত ৫ এপ্রিল মঙ্গলবার উখিয়ার আশপাশে অভিযান চালিয়ে ৮০জন রোহিঙ্গাকে আটক করে উখিয়া থানা-পুলিশ। এর আগে ৪ ও ৩ এপ্রিল একইভাবে ক্যাম্প থেকে পালানোর সময় অভিযান চালিয়ে ১৮৪ জন রোহিঙ্গা নাগরিকসহ ৬ দালালকে আটক করে পুলিশ। অন্যদিকে ৪ এপ্রিল টেকনাফ থানা-পুলিশ ৫০ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায়। এর পর দিন টেকনাফ থানা-পুলিশ দালালসহ ৪৯ জনকে গ্রেপ্তার করেন। তারও আগে ২১ মার্চ কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ১০০ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। এর ৪ দিন পরে গত ২৫ মার্চ টেকনাফের বাহারছড়া উপকূল থেকে ৫৪ জন রোহিঙ্গা নারী-পুরুষ শিশুকে আটক করে। এসব রোহিঙ্গারাও ক্যাম্প থেকে পালিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।