‘পুলিশ অটোরিকশা আটক করে চাঁদা দাবি’ করায় চালকের আত্মহত্যা

ঢাকার সাভারে পুলিশ অটোরিকশা আটক করায় এক অটো রিকশাচালক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পরিবারের সদস্যদের দাবি, সাভারের রেডিও কলোনি এলাকা থেকে হাইওয়ে পুলিশ অটোরিকশা আটক করে চাঁদা চাওয়ায় তাদের টাকা দিতে না পেরে মঙ্গলবার রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিকশাচালক নাজমুল কাজী (৩০)।

খবর পেয়ে মঙ্গলবার রাতে সাভারের জালেশ্বর এলাকায় ভাড়া বাসার ঘরের আড়ার সঙ্গে কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় নাজমুলের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা-পুলিশ।

নিহত নাজমুল কাজী খুলনার পাইকগাছা উপজেলার সবুর কাজীর ছেলে।

তবে হাইওয়ে পুলিশের দাবি, সড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অবৈধ যানের বিরুদ্ধে মহাসড়কে অভিযান চলানো হলেও গতকাল রেডিও কলোনি এলাকা থেকে কোনো অটোরিকশা আটক করা হয়নি।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ১০টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন নাজমুল। দুপুরের দিকে তিনি পোশাক শ্রমিক স্ত্রী নাজমা খাতুনকে জানান কলোনি এলাকা থেকে কয়েকজন ছেলের মাধ্যমে তার অটোরিকশা আটকের পর হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

নাজমা অফিস শেষে বাসায় এসে অটোরিকশা ছাড়ানোর বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়ে দেন। সন্ধ্যায় নাজমা বাসায় ফিরে অটোরিকশা গ্যারেজের মালিকের সঙ্গে দেখা করেন। মালিক অটোরিকশা ছাড়াতে তিন হাজার টাকাসহ নাজমুলকে সঙ্গে নিয়ে যেতে বলেন। পরে নাজমা বাসায় এসে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। এ সময় দরজার ফাঁক দিয়ে তিনি আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় নাজমুলকে দেখতে পান।

নিহতের স্ত্রী নাজমা খাতুন বলেন, দুপুরের পর অফিসে গিয়ে আমাকে গিয়ে জানায় কয়েকজন ছেলের মাধ্যমে পুলিশ অটোরিকশা নিয়ে গেছে। সন্ধ্যায় বাসায় এসে আমি গ্যারেজ মালিকের কাছে গিয়ে জানতে পারি তিন হাজার টাকা লাগবে অটোরিকশা ছাড়াতে। সন্ধ্যা পর্যন্ত ঠিকই ছিল। আমি পরে বাসায় এসে দেখি সে আত্মহত্যা করেছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গতকাল রেডিও কলোনি এলাকা থেকে কোনো ব্যাটারি চালিত অটোরিকশা আটক করা হয়নি। আত্মহত্যার বিষয়টি হয়তো তাদের পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, আমরা রাত ৯টার দিকে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।