নতুন মৌসুমের চা নিলাম শুরু হচ্ছে আগামী ২৫ এপ্রিল থেকে। ২০২৩ সালের মার্চ পর্যন্ত এ মৌসুমের নিলাম কার্যক্রম চলবে। এবার চট্টগ্রাম ও শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে মোট ৬৮টি নিলাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড সূত্র।
বাংলাদেশ চা বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. রাজিবুল হাসান দেশ রূপান্তরকে জানান, বুধবার অনুষ্ঠিত ‘টি সেলস কো-অর্ডিনেশন কমিটি’র সভায় নতুন মৌসুমের চা নিলামের সময়সূচি ঠিক করা হয়। সূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল চট্টগ্রাম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে মৌসুমের প্রথম নিলাম অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে।
চা বোর্ড সূত্র জানায়, সভায় এ মৌসুমে মোট ৬৮টি নিলাম অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম কেন্দ্রে ৪৫টি ও শ্রীমঙ্গল কেন্দ্রে ২৩ নিলাম অনুষ্ঠিত হবে।
চা বোর্ড সভাকক্ষে বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় সভাপতিত্ব করেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।
সভায় চা বোর্ড চেয়ারম্যান বলেন, চা বোর্ড কর্তৃক গৃহীত নানা উদ্যোগ ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন এবং চা শিল্পের অংশীজনদের আন্তরিক প্রচেষ্টার ফলে কভিড পরিস্থিতিতেও গত নিলাম বর্ষে দেশে চা উৎপাদন ও নিলাম কার্যক্রম স্বাভাবিক ছিল। এর ফলে বাজারে চায়ের চাহিদা ও জোগান প্রক্রিয়ায় ভারসাম্য বজায় ছিল এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিলামে চায়ের বিক্রয় ও মূল্য বৃদ্ধি পায়। ২০২২-২৩ নিলাম বর্ষেও চায়ের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় চট্টগ্রাম ও শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন, ওয়্যারহাউজের মান উন্নয়ন, শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রের গতিশীলতা বৃদ্ধি, চায়ের অভ্যন্তরীণ ও রপ্তানি বাজার সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।