অস্ত্র ও মাদকসহ ৩৪ মামলার আসামি মবু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি গুলি, ৫০ বোতল ফেনসিডিল ও ১৪টি ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে র্যাব-১৩-এর অস্থায়ী সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।
গ্রেপ্তার মবু মিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরের পুঁটিমারি কাউয়ার মোড় এলাকার বাসিন্দা। এর আগে গত মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রেজা আহমেদ ফেরদৌস বলেন, মবু ডাকাত কুখ্যাত মাদক কারবারি ও চোরাকারবারি। উত্তরবঙ্গের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতাও সে। দীর্ঘদিন থেকে মাদকের কারবার চালিয়ে আসছিল। কারবার টিকিয়ে রাখার জন্য এলাকায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে ভয়ে কেউ প্রতিবাদ করত না। তার নামে উত্তরবঙ্গের বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।