এসএমই কোম্পানির সার্কিট ব্রেকার ১০ শতাংশে নেমেছে

পুঁজিবাজারে এসএমই মার্কেটের কোম্পানিগুলোর শেয়ার দর ওঠা-নামা করার সীমা বা সার্কিট ব্রেকার কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

আগে এসএমই মার্কেটের কোম্পানিগুলোর শেয়ারের সার্কিট ব্রেকার ছিল ২০ শতাংশ। নতুন নির্দেশনা আগামী রবিবার থেকে কার্যকর করতে দেশের উভয় স্টক এক্সচেঞ্জকে বলেছে কমিশন। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী কার্যদিবস থেকে এসএমই মার্কেটের শেয়ারগুলো আগের দিনের ক্লোজিং প্রাইসের ওপরে ভিত্তি করে এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে বা কমতে পারবে।

বিনিয়োগকারীর যোগ্যতায় শিথিলতা আনায় গত ২০ মার্চ থেকেই হঠাৎ করেই এসএমই কোম্পানিগুলোর লেনদেন ও শেয়ার দর বাড়তে থাকে। এতে করে মাত্র দুই সপ্তাহে এসব কোম্পানির শেয়ার দর ১৭০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এ সময়ে সূচকটিও মাত্র ১২ কার্যদিবসে ১৩৮ শতাংশ বাড়ে।