খুনি রাশেদকে ফিরিয়ে দেওয়ার দাবি আইনমন্ত্রীর

মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস সৌজন্য সাক্ষাতে এলে এই দাবি জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের জাতির পিতা ও তার পরিবারের হত্যাকারী এবং আদালতের সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি রাশেদ চৌধুরী সেখানে (যুক্তরাষ্ট্র) পালিয়ে আছে। তাকে ফেরত দেওয়ার ব্যাপারে আমার পক্ষ থেকে আমি ওনাকে পরিষ্কার বলেছি।’

মন্ত্রী বলেন, ‘তিনি (মার্কিন রাষ্ট্রদূত) যেটা বলেছেন, সেটা হচ্ছে, এটা তো একটা বার্নিং ইস্যু, এই ইস্যুগুলো ত্বরিত ফয়সালা করা উচিত। এ বিষয়টিতে আমাদের সম্পর্কে নেতিবাচক ছায়া পড়–ক সেটা তিনি (রাষ্ট্রদূত) চান না। সেটা নিয়ে কিছু মডালিটির আলাপ হয়েছে। যেগুলো আমি এখন বলব না। সেই মডালিটি অনুযায়ী আমরা এগিয়ে যাব, সেটাই সিদ্ধান্ত নিয়েছি।’

আনিসুল হক আরও বলেন, ‘ওনারা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলতে চেয়েছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনায় আমি ওনাকে বলেছি, এই আইন সাইবার অপরাধ দমনের জন্য করা হয়েছে। তাকে আরও বলেছি, অনেক দেশের সংবিধানের তুলনায় আমাদের সংবিধান আলাদা। আমাদের সংবিধানে সংবাদ ক্ষেত্রের স্বাধীনতাকে আলাদাভাবে নিশ্চিত করা হয়েছে মৌলিক অধিকারের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের অফিসের সঙ্গে বেস্ট প্র্যাকটিসের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি, ইউরোপীয় ইউনিয়নের পরামর্শক এসেছিলেন তার সঙ্গে যে আলাপ করেছি, সেগুলো উল্লেখ করেছি। মার্কিন রাষ্ট্রদূত আমাকে বলেছেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে আমাদের সহায়তা করতে চায়। এটা অবশ্যই আমাদের বিবেচনাধীন থাকবে।’ আইনমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র মানব পাচারবিষয়ক প্রশিক্ষণ অব্যাহত রাখার পাশাপাশি সাইবার ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণ দেবে।