বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্যমন্ত্রী

পৃথিবীর স্বাস্থ্য নষ্ট করে উন্নত বিশ্ব আরও উন্নত হচ্ছে

পৃথিবীর স্বাস্থ্য নষ্ট করে উন্নত বিশ্ব আরও উন্নত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, নিজেদের স্বাস্থ্য ভালো রাখতে হলে পৃথিবীর স্বাস্থ্য ভালো রাখতে হবে। পৃথিবীর স্বাস্থ্য নষ্ট করছে আমেরিকা, চীন, ইউকে বা রাশিয়ার মতো বড় ও উন্নত রাষ্ট্রগুলো। তারা কার্বনের যত্রতত্র ব্যবহারসহ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এগুলো করে তারা (উন্নত বিশ্ব) আরও উন্নত হচ্ছে ঠিকই কিন্তু এর প্রভাব বাংলাদেশসহ অন্যান্য দেশকে বয়ে বেড়াতে হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘উন্নত বিশ্বের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জলবায়ুর ব্যাপক ক্ষতি হচ্ছে, পৃথিবীর স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। আমরা মুখে বলছি স্বাস্থ্যই সব সুখের মূল। কিন্তু আমরা সেটার প্রতি গুরুত্ব দিচ্ছি না। পৃথিবীর স্বাস্থ্য, প্রকৃতির স্বাস্থ্য ভালো না। সারা বিশ্বে উন্নতি হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে পরিবেশ, পানি, আবহাওয়া, মাটি সব নষ্ট হচ্ছে। এদিকে সবাইকে নজর দিতে হবে, সচেতন হতে হবে।’

বাংলাদেশে বায়ুদূষণ, পানিদূষণ বা শব্দদূষণের বিষয় তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে খাদ্যে ভেজাল মেশানো বা শব্দদূষণ কিংবা পানিদূষণ বেশি বেড়ে গেছে। রাস্তায় বের হলে চারপাশ থেকে আওয়াজ আসে। এই আওয়াজে মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়াসহ জটিল রোগব্যাধি হচ্ছে। পানিদূষণের কারণে ডায়রিয়া বেড়ে গেছে। বন-জঙ্গল উজাড় করা হচ্ছে। যত্রতত্র বিল্ডিং নির্মাণের কারণে বায়ুদূষণ হচ্ছে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। জলবায়ু দূষিত হওয়ার কারণে আমরা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি। বিশ্বের তাপমাত্রা বাড়ছে, প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। এসব কিছুর প্রভাব পড়ছে মানবদেহে। এ থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।’

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, ‘পরিবেশের ক্ষেত্রে আমাদের আরও অনেক সচেতন হতে হবে। দেশের ৯০ শতাংশ মানুষ দূষিত বাতাস গ্রহণ করছে। এ কারণে মানুষ হাঁপানি, ফুসফুসের রোগ, হৃদরোগ, স্ট্রোক, ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছে। তাই প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশে ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’